রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত মারা গেছেন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৫, ২০২৫, ১০:১০ এএম

থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত মারা গেছেন

ছবি - সংগৃহীত

থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত ৯৩ বছর বয়সে মারা গেছেন। তিনি বর্তমান রাজা মাহা ভাজিরালংকর্নের মা এবং দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজত্ব করা প্রয়াত রাজা ভূমিবল আদুল্যাদেজের স্ত্রী ছিলেন। শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে থাই রয়্যাল প্যালেস এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

রানি সিরিকিত থাই জনগণের কাছে অত্যন্ত সম্মানিত ও প্রিয় এক ব্যক্তিত্ব ছিলেন। তিনি এবং তার স্বামী রাজা ভূমিবল আদুল্যাদেজ ছয় দশকেরও বেশি সময় ধরে থাইল্যান্ড শাসন করেছেন, যা ছিল বিশ্বের অন্যতম দীর্ঘতম রাজত্ব। রাজা ভূমিবল ২০১৬ সালে মারা যান। স্বামীর রাজত্বকালে রানি সিরিকিত রাজকীয় দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও দাতব্য কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং থাই রেশম শিল্পের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

রাজপ্রাসাদের বিবৃতিতে জানানো হয়েছে, রানি সিরিকিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার পুত্র, বর্তমান রাজা মাহা ভাজিরালংকর্ন। তিনি রাজকীয় মর্যাদায় মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের জন্য বিশেষ নির্দেশ দিয়েছেন। রানির মরদেহ ব্যাংককের ঐতিহাসিক গ্র্যান্ড প্যালেসের দুশিত থ্রোন হলে সর্বসাধারণের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য শায়িত রাখা হবে। রাজপরিবারের সদস্যরা তার মৃত্যুতে এক বছরের জন্য আনুষ্ঠানিক শোক পালন করবেন বলেও ঘোষণা করা হয়েছে।

এদিকে, সাবেক রানির মৃত্যুর খবরে জাতীয় পর্যায়েও শোক প্রকাশ করা হয়েছে। থাই সরকারের মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত জানিয়েছেন, রানি সিরিকিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল তার পূর্বনির্ধারিত মালয়েশিয়া সফর বাতিল করেছেন। প্রধানমন্ত্রীর রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত অনুষ্ঠিতব্য আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল।