অক্টোবর ২৬, ২০২৫, ১১:২৫ পিএম
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ওয়াশিংটন পাকিস্তানের সঙ্গে তার কৌশলগত সম্পর্ক আরও সম্প্রসারণ করতে চায়। তবে তিনি একইসাথে স্পষ্ট করে জানিয়েছেন যে, ইসলামাবাদের সাথে এই সম্পৃক্ততা কোনোভাবেই ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের গভীর বন্ধুত্বের বিকল্প বা প্রতিদ্বন্দ্বিতা নয়। রোববার পাকিস্তানভিত্তিক গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করার বিষয়ে ভারত কোনো আনুষ্ঠানিক উদ্বেগ প্রকাশ করেছে কিনা, এমন প্রশ্নের জবাবে রুবিও জানান, ভারত আনুষ্ঠানিকভাবে কোনো উদ্বেগ দেখায়নি। তিনি বলেন, “ঐতিহাসিক কারণে তাদের (ভারতের) কিছু উদ্বেগ থাকতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্র একাধিক অংশীদারের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী।”
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক সম্প্রসারণের একটি বাস্তব সুযোগ দেখতে পাচ্ছি। এটি ওয়াশিংটনের বৃহত্তর নীতির অংশ, যেখানে আমাদের সাধারণ স্বার্থগুলো মিলে যায়।”তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের সঙ্গে এই ক্রমবর্ধমান সম্পর্ক কোনোভাবেই ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে দুর্বল করবে না। রুবিও ভারতের সাথে ওয়াশিংটনের সম্পর্ককে “গভীর, ঐতিহাসিক এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ” হিসেবে অভিহিত করেন।
বিশ্লেষকরা বলছেন, ভারত-পাকিস্তান সংঘাতের সম্ভাবনা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ভূমিকাকে ইসলামাবাদ ইতিবাচকভাবে দেখলেও রুবিওর মন্তব্য একটি বৃহত্তর লক্ষ্যের ইঙ্গিত দেয়। এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এই সম্পর্কের নতুন ধারা সংঘাতের আগেই শুরু হয়েছিল। আমরা পাকিস্তানের সঙ্গে একটি নতুন কৌশলগত অংশীদারিত্ব পুনর্গঠনে আগ্রহী ছিলাম।”তিনি আরও উল্লেখ করেন, উভয় পক্ষের মধ্যে সহযোগিতার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে, বিশেষ করে সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে। তবে যুক্তরাষ্ট্র এখন কেবল নিরাপত্তা ইস্যুর বাইরে গিয়ে অন্যান্য ক্ষেত্রেও এই সম্পর্ককে সম্প্রসারিত করতে আগ্রহী।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন