রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

রাজধানীর মোড়ে মোড়ে বড় পর্দায় সম্প্রচার হবে হাসিনার রায়

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৫, ০৩:২২ পিএম

রাজধানীর মোড়ে মোড়ে বড় পর্দায় সম্প্রচার হবে হাসিনার রায়

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার (১৭ নভেম্বর)। ঐতিহাসিক এই রায়টি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে।

এছাড়া সাধারণ মানুষের দেখার সুবিধার্থে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বড় পর্দা (Big Screen) স্থাপন করে সরাসরি রায় দেখানোর ব্যবস্থা করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সও বিটিভি থেকে ফিড নিয়ে তা সরাসরি সম্প্রচার করবে বলে জানা গেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই রায় দেওয়া হবে। মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

রায়ের বিষয়ে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, তারা আসামিদের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন।বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন। অন্য দুই বিচারক হলেন মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী। মামলায় প্রসিকিউশন পক্ষ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি দাবি করলেও আসামিপক্ষের আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন।

উল্লেখযোগ্য যে, এই মামলায় মোট ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের পিতাসহ পরিবারের সদস্যরা। এছাড়া জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানও গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।