নভেম্বর ১৬, ২০২৫, ০৩:৩৪ পিএম
মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার ক্ষেত্রে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নারী হিসেবে কোনো প্রকার সহানুভূতি বা অনুকম্পা দেখানো হবে না বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম। রবিবার এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
প্রসিকিউটর তামিম আইনি ব্যাখ্যা দিয়ে বলেন, “সাধারণ আইনে জামিন প্রদানের ক্ষেত্রে নারী, অসুস্থ ও কিশোরদের কিছুটা অগ্রাধিকার দেওয়া হয়।
কিন্তু রায় প্রদান বা সাজার ক্ষেত্রে আমাদের সাধারণ আইনেও নারীকে কোনো আলাদা সুবিধা দেওয়া হয়নি। একইভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেও এ বিষয়ে কোনো আলাদা 'প্রিভিলেজ' বা সুবিধা নেই।”
তিনি স্পষ্ট করেন, অপরাধ প্রমাণ হলে শেখ হাসিনা নারী হিসেবে বিশেষ কোনো সুবিধা পাবেন না। রায়ের ক্ষেত্রে আসামি নারী হোক বা পুরুষ, তিনি তার অবস্থানে থেকে কী অপরাধ করেছেন এবং সেই অপরাধের তীব্রতা বা 'গ্র্যাভিটি' কতটুকু, তা বিবেচনা করেই শাস্তি ঘোষণা করা হবে। আর যদি মামলা প্রমাণ না হয়, তবে খালাস দেওয়া হবে।
জনগণের কাছে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা তুলে ধরতে আগামীকাল সোমবারের (১৭ নভেম্বর) রায়টি রাষ্ট্রীয় সম্প্রচার চ্যানেল বিটিভি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিশিয়াল ফেসবুক পেজে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানান প্রসিকিউটর। তিনি উল্লেখ করেন, এটি স্বচ্ছতার স্বার্থেই করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন