রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

রায়ের আগে যা বললেন হাসিনার আইনজীবী

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৫, ১০:১৭ এএম

রায়ের আগে যা বললেন হাসিনার আইনজীবী

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় আজ সোমবার ঘোষণা হচ্ছে। এই ঐতিহাসিক রায়কে সামনে রেখে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।

শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। তিনি দৃঢ়ভাবে তার মক্কেলদের খালাস পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, এই মামলা পরিচালনার ক্ষেত্রে তিনি রাষ্ট্রপক্ষের কাছ থেকে কোনো সহযোগিতা পাননি।

সোমবার সকালে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে আমির হোসেন বলেন, "আমার প্রত্যাশা—আমার যারা ক্লায়েন্ট আছে তারা সবাই খালাস পাক।"

তিনি আরও বলেন, "রাষ্ট্রপক্ষের কেউ আমাকে সহযোগিতা করেনি। সহযোগিতা পেলে আরো চেষ্টা করতে পারতাম।" তবে নিজের চেষ্টার কোনো ঘাটতি ছিল না উল্লেখ করে তিনি সাংবাদিকদের জানান, "আমার যা জ্ঞান, বুদ্ধি-প্রজ্ঞা আছে—তা দিয়ে সর্বোচ্চটা লড়ায় করেছি। আমার পক্ষ থেকে লড়াই এর ক্ষেত্রে কোনো কার্পণ্য করিনি। আমি দায়িত্বশীলতার সঙ্গে লড়াই করেছি।" রায় নিয়ে তার চূড়ান্ত প্রত্যাশার কথা জানতে চাইলে তিনি পুনর্ব্যক্ত করেন যে, আসামিরা খালাস পেলেই তিনি সবচেয়ে বেশি খুশি হবেন।

এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে নতুন একটি অধ্যায় সূচিত হতে যাচ্ছে। সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটিই হবে প্রথম কোনো বিচারের রায়। ফলে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ববাসীর নজর আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যাল-১-এর বিচারক বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করবেন।

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, আজ সকাল এগারোটায় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে। জুলাই গণঅভ্যুত্থানের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে এটিই হবে সর্বপ্রথম রায়।এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়েছে। হাসিনা ছাড়াও মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে। মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন এবং নিজের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। আজকের এই রায় বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বড় পর্দায় বিচার কার্যক্রম দেখানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।