নভেম্বর ১৭, ২০২৫, ১২:৩০ পিএম
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে ঐতিহাসিক মামলার রায় আজ। এই বহুল প্রত্যাশিত রায় শোনার জন্য সোমবার সকালেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ,
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। তাদের সঙ্গে গণঅভ্যুত্থানে হতাহত পরিবারের সদস্যসহ আরও অনেকে যোগ দিয়েছেন।
গোটা জাতি এই রায়ের অপেক্ষায় রয়েছে, কারণ গণহত্যার দায়ে সরকারের সর্বোচ্চ পদধারী কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ইতিহাসে এটিই হবে প্রথম বিচারের রায়।
আজ সকাল এগারোটায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যাল-১-এর বিচারক বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এই মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়, ষড়যন্ত্র, উসকানি, গণহত্যা ও পরিকল্পনাসহ মানবতাবিরোধী অপরাধের মোট পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ গঠন করা হয়েছে। প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে,
২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে হাসিনা বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক এবং পদ্ধতিগত দমনপীড়ন চালানোর সরাসরি নির্দেশ দিয়েছিলেন, যা গণহত্যা, খুন এবং ভয়াবহ নির্যাতনের শামিল।অভিযোগগুলোর মধ্যে রয়েছে, ২০২৪ সালের ১৪ জুলাই সংবাদ সম্মেলনে উসকানিমূলক বক্তব্য দেওয়া, যার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র ক্যাডাররা নিরীহ ছাত্র-জনতার ওপর আক্রমণ চালায়।
দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, হাসিনা হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ দেন। এছাড়া রংপুরে আবু সাঈদ হত্যা, ৫ আগস্ট চানখাঁরপুলে ছয়জনকে গুলি করে হত্যা এবং একই দিনে আশুলিয়ায় ছাত্রদের গুলি করে হত্যা ও লাশ পুড়িয়ে দেওয়ার মতো ভয়াবহ অভিযোগও রয়েছে। এই দমনপীড়নে প্রায় দেড় হাজার মানুষকে হত্যা এবং পঁচিশ হাজার মানুষকে আহত করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন