সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৮:১৮ পিএম
'জয় বাংলা ব্রিগেড' নামক একটি জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আরিফুল ইসলাম এই আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের পেশকার মো. জাহাঙ্গীর জানান, মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স) মো. এনামুল হক, এই ২৮৬ জন আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তা মঞ্জুর করেন।
পুলিশের আবেদনে আরও বলা হয়, এই রাষ্ট্রদ্রোহ মামলার চার্জশিটভুক্ত ২৮৬ জন আসামির মধ্যে অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন, এবং যারা দেশে আছেন, তারা যেন পালিয়ে যেতে না পারেন। একইভাবে, বিদেশে থাকা আসামিরা দেশে ফিরলে যেন তাদের আটক করা হয়—এই বিষয়ে আদেশ প্রদান করা জরুরি।
২০২৫ সালের ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক মামলাটি করেন। তদন্ত শেষে গত ৩০ জুলাই শেখ হাসিনাসহ ২৮৬ জনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়। এর পর ১৪ আগস্ট আদালত চার্জশিট গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বী আলমের নেতৃত্বে 'জয় বাংলা ব্রিগেড'-এর জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ কয়েকশ নেতাকর্মী অংশ নেন। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতাকর্মীদের কাছে দেশবিরোধী বক্তব্য দেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন। এই বক্তব্য সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন