রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কোন কিশমিশ স্বাস্থ্যের জন্য বেশি উপকারী?

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৫, ১২:০১ পিএম

কোন কিশমিশ স্বাস্থ্যের জন্য বেশি উপকারী?

বাঙালির রান্নাঘরে পায়েস, সুজি ও পোলাওয়ের অপরিহার্য সঙ্গী হলো কিশমিশ। তবে এখন স্বাস্থ্য সচেতনতার কারণে কিশমিশ ভেজানো পানি পান করা বা খালি পেটে কিশমিশ চিবিয়ে খাওয়ার চল বেড়েছে। এর ফলে বাজারে সোনালি কিশমিশের পাশাপাশি কালো কিশমিশের কদরও বেড়েছে।

মিষ্টি পদ তৈরির জন্য দুটো কিশমিশই কাজে লাগলেও, পুষ্টিগত দিক থেকে এদের মধ্যে রয়েছে বড় পার্থক্য। পুষ্টিবিদেরা বলছেন, স্বাস্থ্যের কথা বিবেচনা করলে সোনালি কিশমিশের চেয়ে কালো কিশমিশ অনেক বেশি উপকারী।

কালো কিশমিশ তৈরি হয় প্রাকৃতিকভাবে রোদে শুকিয়ে, এতে কোনো রাসায়নিক দ্রব্য যোগ করা হয় না।

মুম্বাইয়ের পুষ্টিবিদ শ্বেতা জে পঞ্চাল-এর মতে, যাদের পলিসিস্টিক ওভারি, প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম বা কম হিমোগ্লোবিনের সমস্যা রয়েছে, তাদের জন্য কালো কিশমিশ ভীষণ উপকারী।

কালো কিশমিশের মূল সুবিধাগুলো হলো:

রক্তাল্পতা নিরাময়: কালো কিশমিশে পর্যাপ্ত পরিমাণে আয়রন ও ভিটামিন বি-কমপ্লেক্স থাকে। এটি রক্তাল্পতা কমাতে এবং শরীরের শক্তি বাড়াতে অত্যন্ত কার্যকর।

প্রদাহ কমায়: এতে থাকা পলিফেনল ও অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের অভ্যন্তরীণ প্রদাহ কমাতে সাহায্য করে, যা শরীরকে সুস্থ রাখে।

হজমক্ষমতা বৃদ্ধি: কালো কিশমিশে রয়েছে প্রি-বায়োটিক ফাইবার, যা অন্ত্রের ভালো ব্যাক্টেরিয়াকে পুষ্টি প্রদান করে। এর ফলে হজমক্ষমতা বৃদ্ধি পায়।

ত্বক ও চুল: কালো কিশমিশ শরীরের ইস্ট্রোজেনের ভারসাম্য বজায় রাখে, ফলে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো থাকে।

সোনালি কিশমিশ দেখতে উজ্জ্বল হলেও এর এই সুন্দর রং কিন্তু প্রাকৃতিক নয়। এর মেয়াদ ও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এতে সালফার ডাই-অক্সাইড নামক এক ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। এটিই সোনালি কিশমিশকে স্বাস্থ্যের জন্য কালো কিশমিশের চেয়ে ঝুঁকিপূর্ণ করে তোলে।

সোনালি কিশমিশের সমস্যাগুলো হলো:

হজমের সমস্যা: ব্যবহৃত সালফার ডাই-অক্সাইড হজমে সমস্যা সৃষ্টি করতে পারে এবং অন্ত্রের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। এর থেকে পেটফাঁপার সমস্যা তৈরি হতে পারে।

অ্যাজমা ঝুঁকি: যারা অ্যাজমা বা পেটসংক্রান্ত রোগে ভুগে থাকেন, তাদের শরীরের জন্য এই রাসায়নিকটি বিপজ্জনক হতে পারে।

লিভার ও হরমোন: পুষ্টিবিদেরা বলছেন, নিয়মিত সোনালি কিশমিশ খেলে লিভারের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি হরমোনের ভারসাম্যেও বিঘ্ন ঘটতে পারে।

তবে সোনালি কিশমিশও পটাশিয়ামে পূর্ণ এবং এটি খেলে শরীরে শক্তি বৃদ্ধি পায়। কিন্তু রাসায়নিক ব্যবহারের কারণে স্বাস্থ্য সচেতনদের জন্য কালো কিশমিশই সেরা বিকল্প।