মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

প্রধান বিচারপতির বিদায়ী অভিভাষণ রবিবার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২৫, ০৪:১৫ পিএম

প্রধান বিচারপতির বিদায়ী অভিভাষণ রবিবার

দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আগামীকাল রবিবার (১৪ ডিসেম্বর) দেশের জেলা আদালতসমূহে কর্মরত উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে তার বিদায়ী অভিভাষণ দেবেন। আগামী ২৭ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে অবসরে যাবেন।

অবসরে যাওয়ার আগে বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে এটিই হবে তার সর্বশেষ আনুষ্ঠানিক বার্তা।সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে,

আগামীকাল বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এই গুরুত্বপূর্ণ অধিবেশনের আয়োজন করা হয়েছে। এই অধিবেশনে প্রধান বিচারপতি দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে ‘বিদায়ী অভিভাষণ’ দেবেন।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ড. সৈয়দ রেফাত আহমেদ দেশের ২৫তম প্রধান বিচারপতির দায়িত্ব নেন এবং একই বছর ১১ আগস্ট তিনি প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াডাম কলেজ থেকে আইন শাস্ত্রে ডিগ্রি লাভের পর যুক্তরাষ্ট্রের টাফ্টস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি অভিবাসন আইন বিশেষজ্ঞ হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গেও কাজ করেছেন।ড. সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রথিতযশা আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ এবং ভাষা সৈনিক ও বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদের সন্তান।