সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৯:৪১ পিএম
পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, জুলাইয়ের ছাত্র-জনতা হত্যা এবং শহীদ শরীফ ওসমান হাদী হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে আশুলিয়া থানা স্ট্যান্ড এলাকায় অদম্য ২৪ সংগঠনের ব্যানারে এই শহীদী মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলা হয়, খুনিদের সাথে কোনো ধরনের রাজনৈতিক আপস করা হলে তার ফয়সালা ফের রাজপথেই হবে।
সমাবেশে বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। একই সঙ্গে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের রাজনৈতিক দলগুলোর ভূমিকার বিষয়ে সতর্কবার্তা দেন। তিনি উল্লেখ করেন, ক্ষমতা টিকিয়ে রাখতে আশুলিয়ায় জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল এবং পুড়িয়ে ফেলার সময়ও অনেকে জীবিত ছিলেন, যা স্থানীয় মানুষ প্রত্যক্ষ করেছেন। কেবল এই বর্বরোচিত ঘটনার যথাযথ বিচার হলেই দলটির আর রাজনীতি করার নৈতিক অধিকার থাকে না বলে তিনি মন্তব্য করেন।
রাজনৈতিক সমঝোতার প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে জাবের বলেন, বিএনপি, জামায়াত কিংবা অন্য কোনো দল নিজেদের স্বার্থে বা দল গোছানোর উদ্দেশ্যে আপস করতে পারে, কিন্তু জুলাই আন্দোলনের সহযোদ্ধারা রক্তের সাথে বেইমানি করবে না। আন্দোলনকারীদের অঙ্গীকার স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, জীবন গেলেও জুলাইয়ের চেতনা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া হবে না।
শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার প্রক্রিয়ায় ধীরগতির অভিযোগ তুলে তিনি প্রশাসনের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ক্ষমতায় আসার আগে দ্রুত বিচারের আশ্বাস দেওয়া হলেও সাত মাসের বেশি সময় পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা যায়নি। একে সরকারের একটি বড় ব্যর্থতা হিসেবে অভিহিত করে তিনি আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে প্রত্যক্ষ খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করার আলটিমেটাম দেন। অন্যথায় নতুন ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে আন্দোলনকারীদের সঙ্গে আবারও রাজপথে ফয়সালা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
আশুলিয়ার এই কর্মসূচিতে শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। এ ছাড়া সমাবেশে বক্তব্য রাখেন সাভার স্টুডেন্ট কমিউনিটির প্রতিষ্ঠাতা ও অদম্য ২৪-এর আহ্বায়ক মোহাম্মদ তামিম এবং জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স ঢাকা জেলা উত্তরের সভাপতি মোহাম্মদ সজিবসহ স্থানীয় ছাত্র-জনতা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন