রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যুক্তরাষ্ট্র ও মরক্কো সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জাতীয় ডেস্ক

মে ১২, ২০২৬, ০৫:৪৯ পিএম

যুক্তরাষ্ট্র ও মরক্কো সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সরকারি সফরে মঙ্গলবার সকালে ঢাকা ত্যাগ করেছেন। তিনি প্রথমে যুক্তরাষ্ট্র সফর করবেন এবং পরবর্তীতে এই মাসের শেষ দিকে মরক্কোয় অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বিদেশে নির্ধারিত সরকারি কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রতিমন্ত্রী। 

সেখানে নির্দিষ্ট কর্মসূচি শেষে তিনি মরক্কোর উদ্দেশে যাত্রা করবেন।মরক্কোয় আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ‘সেকেন্ড মিনিস্টেরিয়াল কনফারেন্স অন পিসকিপিং’ (শান্তিরক্ষা বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলন) অনুষ্ঠিত হবে। শামা ওবায়েদ ইসলাম এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

সূত্র আরও জানিয়েছে, এই সম্মেলনে বৈশ্বিক শান্তিরক্ষা সহযোগিতা জোরদার, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের উদীয়মান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের ভূমিকা ও অবস্থান সেখানে তুলে ধরা হতে পারে।

নির্ধারিত সব কর্মসূচি শেষে আগামী ২২ মে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। এর আগে প্রতিমন্ত্রী তাঁর সফরের প্রস্তুতির অংশ হিসেবে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রয়োজনীয় দিকনির্দেশনা বিনিময় করেছেন।

সফরকালে তিনি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এবং দ্বিপাক্ষিক বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রতিমন্ত্রী দেশত্যাগের সময় বিমানবন্দরে মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।