রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

জাতীয় ডেস্ক

জুন ৮, ২০২৬, ০১:১১ পিএম

ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে ব্যর্থতা ও শিশু মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার দুপুরে শুনানি শেষে সিএমএম আদালতের বিচারক অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলাটি খারিজ করেন।এর আগে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল এই মামলার আবেদন করেছিলেন।

মামলার অন্য আসামিরা হলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

মামলার অভিযোগে বলা হয়েছিল, তৎকালীন সরকারের স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্বে চরম অবহেলা ও উদ্দেশ্যমূলক কর্মকাণ্ডের কারণে শত শত শিশুর মৃত্যু হয়েছে এবং হাজার হাজার শিশুর জীবন বিপন্ন হয়েছে। অভিযোগকারীর মতে, এটি হত্যাকাণ্ডের শামিল।

আবেদনে দাবি করা হয়েছিল, সরকার আগে ইউনিসেফের মাধ্যমে হাম-রুবেলা টিকা আমদানি করত। কিন্তু ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সেই টিকা আমদানি বন্ধ করে দেওয়া হয়। টিকা সংগ্রহের উন্মুক্ত দরপত্র প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হওয়ায় দেশে টিকা সংকট তৈরি হয়।

অভিযোগ করা হয়, দায়িত্বশীলরা যথাসময়ে টিকা আমদানি না করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এতে নাগরিকদের সঙ্গে প্রতারণা এবং মৌলিক অধিকার হরণের ঘটনা ঘটেছে। এর আগে গত মে মাসে বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। যদিও তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, শিশু মৃত্যু ঘটানোর কোনো উদ্দেশ্য সরকারের ছিল না।