আগস্ট ৩০, ২০২৬, ০২:০৭ পিএম
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রেসিডেন্ট এবং আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল। তিনি অভিযোগ করেছেন, বিদেশিদের খুশি করতে এমন এক অসম চুক্তি করা হয়েছে, যার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব পুরোপুরি বিকিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি একটি টেলিভিশন টকশো অনুষ্ঠানে অংশ নিয়ে দেশের সমসাময়িক অর্থনীতি ও রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।
দাসত্বের চুক্তি করে দেশটাকে পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আলোচনার সময় ড. ইউনূসের কর মওকুফ সুবিধার কড়া সমালোচনা করে শওকত আজিজ রাসেল বলেন, দাতব্য প্রতিষ্ঠানের আড়ালে তিনি মূলত দেশের অর্থনীতিকে পঙ্গু করেছেন। রাষ্ট্রকে ট্যাক্স পরিশোধ না করে নিজের প্রতিষ্ঠানগুলোকে অবাণিজ্যিক বা নন-প্রফিট দেখিয়ে সব ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, সাধারণ ব্যবসায়ীদেরও একই ফর্মুলা বা রোডম্যাপ দেওয়া হোক, যাতে তারাও ট্যাক্স মওকুফ নিতে পারে।
শওকত আজিজ রাসেল আরও অভিযোগ করেন, দেশের নাগরিকদের অন্ধকারে রেখে তড়িঘড়ি করে আমেরিকার সাথে একটি দাসত্বের চুক্তি করা হয়েছে, যার ফলে বিদেশিদের অনুমতি ছাড়া বাংলাদেশ এখন কোনো স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবে না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মূল প্ল্যান্টের বাইরে অবকাঠামো নির্মাণে বিশাল অঙ্কের ব্যয় হয়েছে এবং ভবিষ্যতে নতুন এই চুক্তির গ্যাঁড়াকলে পড়ে মেগা প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হতে পারে।
ড. ইউনূস রাষ্ট্রের সুযোগ-সুবিধা ষোলোআনা ভোগ করে জাতির সাথে বেইমানি করেছেন বলে তীব্র আক্রমণ করেন এই শীর্ষ শিল্পপতি। সমসাময়িক অর্থনীতি ও চুক্তি নিয়ে তাঁর এই বক্তব্য ইতিমধ্যে রাজনৈতিক ও ব্যবসায়িক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার স্বার্থে অর্থনৈতিক চুক্তিগুলো পুনর্বিবেচনা করার তাগিদ দিয়েছেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন