রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুলাই ১৩, ২০২৬, ০৫:৪০ পিএম

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

দেশের বন্যাকবলিত জেলাগুলোতে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ ১১টি জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন নিশ্চিত করা হয়েছে।সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, কোথাও যেন কোনো রোগী চিকিৎসাবঞ্চিত না হয়, সেজন্য পর্যাপ্ত ওষুধ, স্যালাইন, অ্যান্টিভেনম ও স্বাস্থ্যকর্মী প্রস্তুত রাখা হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। কোনো হাসপাতালের নিচতলায় পানি ঢুকলে দ্রুত চিকিৎসা সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াসহ মোট ১১টি জেলাকে বন্যাকবলিত হিসেবে চিহ্নিত করে বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিটি জেলার সার্বিক পরিস্থিতি তদারকির জন্য একজন করে জ্যেষ্ঠ চিকিৎসককে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষ সার্বক্ষণিক তথ্য সংগ্রহ ও সমন্বয়ের কাজ করছে।

বন্যার সময় সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করা হয়েছে। সাপে কাটা ৯৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানান, বর্তমানে ১ হাজারেরও বেশি ভায়াল অ্যান্টিভেনম মজুত রয়েছে এবং জেলা পর্যায়ে আরও ২১ হাজার ভায়াল সংরক্ষণ করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে আরও ২৫ হাজার ভায়াল যুক্ত হবে, তাই অ্যান্টিভেনম সংকটের কোনো আশঙ্কা নেই।

বন্যাপরবর্তী পানিবাহিত রোগ প্রতিরোধে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। ডায়রিয়া বা কলেরার মতো রোগের চিকিৎসায় পর্যাপ্ত স্যালাইন ও বিশেষ মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। জাতীয় স্বাস্থ্যসেবা কল সেন্টার ১৬২৬৩ নম্বরের মাধ্যমে জরুরি স্বাস্থ্য পরামর্শ দেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য, বন্যার কারণে যেন একজন মানুষও চিকিৎসার অভাবে প্রাণ না হারান।