আগস্ট ৩, ২০২৬, ০৯:৫৩ এএম
বিগত সরকারের সময়ে বিতর্কিত ভূমিকা পালনকারী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। বিশেষ করে ২০১৮ সালের নির্বাচনে এবং জুলাই-আগস্টের আন্দোলনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।ইতিমধ্যে ৮০ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৭ জুলাই এক প্রজ্ঞাপনে ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তারা ২০১৮ সালের নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে একই প্রক্রিয়ায় আরও ২২ জন সাবেক জেলা প্রশাসক অবসরে গেছেন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান দমনে বিতর্কিত ভূমিকার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন পরিচালককে গত ৪ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ বাহিনীতেও বড় পরিবর্তন এসেছে। গত ২৩ জুলাই তিনজন উপমহাপরিদর্শক, ১২ জন অতিরিক্ত উপমহাপরিদর্শক এবং দুজন পুলিশ সুপারসহ ১৭ জনকে জনস্বার্থে অবসরে পাঠানো হয়। জুনে ৩৩ জন এবং এর আগে মে ও এপ্রিলে আরও ২৮ জন জ্যেষ্ঠ কর্মকর্তা চাকরি হারিয়েছেন।বর্তমান সরকারের পাঁচ মাসে এই সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে।
২০১৮ সালের নির্বাচন নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জানান, সরকারি চাকরির বিধান অনুযায়ী ২৫ বছর পূর্ণ হলে কারণ দর্শানো ছাড়াই অবসরে পাঠানোর সুযোগ রয়েছে। তার মতে, ওই নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছিল।দেশে সরকারি চাকরিতে বর্তমানে ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন। এর মধ্যে শূন্য পদ রয়েছে ৫ লাখ ২১ হাজার ৯২২টি। সচিব, অতিরিক্ত সচিব ও উপসচিবের অনেক পদে অনুমোদিত পদের চেয়ে বেশি কর্মকর্তা কর্মরত রয়েছেন।
পুরোনো মামলাগুলোতেও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে। সাড়ে চার দশক আগে জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেনকে গত ১৬ জুলাই গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। অন্যদিকে বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের ঘটনায় সন্দেহভাজন হিসেবে বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে হেফাজতে নেওয়া হয়েছে।বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় বর্তমানে অভিযুক্ত কর্মকর্তাদের কর্মকাণ্ডের তদন্ত ও মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন