রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

চীন থেকে ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন আনার আলোচনা

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০৯:১০ পিএম

চীন থেকে ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন আনার আলোচনা

ছবি :সংগ্রহীত

চীন থেকে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার বেগে চলা দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে কথাবার্তা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, দেশের জন্য ট্রেনের স্পিড কিছুটা কম হলেও চলবে, তবে এই উদ্যোগ নিয়ে আলোচনা এগোচ্ছে।

রোববার শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় আওয়ামী লীগের উদ্দেশে কড়া বার্তা দেন মন্ত্রী। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালানো সরকার আবার ফিরে এসেছে—সারা পৃথিবীতে এমন কোনো নজির নেই বলে মন্তব্য করেন তিনি। কোনো সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপি ও নেতারা সবাই একসঙ্গে দেশ ছেড়ে পালিয়েছে, এমন ঘটনাও ইতিহাসে এই প্রথম। যারা ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার স্বপ্ন দেখছেন, তাদের এই চিন্তাকে ‘দুরাশা’ আখ্যা দিয়ে নিজেদের শুদ্ধিকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পরামর্শ দেন রশিদুজ্জামান মিল্লাত।

বর্তমানে দেশে আটটি বিমানবন্দর চালু আছে। তবে এর মধ্যে কয়েকটির অবস্থা বেশ নাজুক বলে জানান বিমানমন্ত্রী। তিনি আরও জানান, সামনে নতুন অনেকগুলো এয়ারক্রাফট আসছে। আগামী ১০ বছরের মধ্যে দেশে নতুন একটি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের, যেখানে ময়মনসিংহ বিভাগকে অগ্রাধিকার দেওয়া হবে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এই সভায় আরও বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। এছাড়া পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ সেখানে উপস্থিত ছিলেন।