শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা ও ডোসিয়ারে নথি

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৯:৫২ এএম

সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা ও ডোসিয়ারে নথি

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

চাকরি সংক্রান্ত কোনো বিষয়ে নিজের পক্ষে অন্য কোনো ব্যক্তির মাধ্যমে তদবির করালে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এই ধরনের অনাকাঙ্ক্ষিত তদবিরের তথ্য সংশ্লিষ্ট কর্মচারীর চাকরি সংক্রান্ত নথি বা ডোসিয়ারে সংরক্ষণ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি করে সরকারের সব সিনিয়র সচিব, সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। অনাকাঙ্ক্ষিত তদবির ঠেকাতে মাঠ প্রশাসনসহ সব দপ্তরে এই কড়া বার্তা পাঠানো হলো।

চিঠিতে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারীরা কর্মক্ষেত্রে কী ধরনের আচরণ করবেন, তা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯ এর সংশ্লিষ্ট বিধিতে স্পষ্টভাবে নির্ধারিত রয়েছে। তবে সম্প্রতি দেখা যাচ্ছে যে কিছু কর্মচারীর পক্ষে চাকরি সংক্রান্ত নানা বিষয়ে সুপারিশ বা তদবির করতে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দ্বারস্থ হচ্ছেন। এই ধরনের কর্মকাণ্ড ১৯৭৯ সালের বিধিমালার ২০ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে এটি সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ এর ২(খ) অনুযায়ী অসদাচরণের শামিল।

মন্ত্রিপরিষদ বিভাগ সাফ জানিয়েছে, কোনো কর্মচারী অন্য কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করালে শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী তাৎক্ষণিক বিভাগীয় পদক্ষেপ কার্যকর করতে হবে। তবে কোনো কর্মচারী চাইলে বিধি মেনে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা দপ্তরে আবেদন করতে পারবেন। এই ধরনের বৈধ আবেদন নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে সর্বোচ্চ এক মাসের মধ্যে যৌক্তিকভাবে নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিটি দপ্তর ও সংস্থাকে এ বিষয়ে নিজ নিজ অধস্তনদের দ্রুত নির্দেশনা দিতে অনুরোধ জানানো হয়েছে।