অক্টোবর ১৯, ২০২৫, ০৭:২৬ পিএম
দীর্ঘ ২৭ ঘণ্টার রুদ্ধশ্বাস চেষ্টার পর অবশেষে সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, রোববার (১৯ অক্টোবর) বিকেল ৪টা ৫৫ মিনিটে আগুন ‘সম্পূর্ণ নির্বাপণ’ ঘোষণা করা হয়।শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এই আগুনের সূত্রপাত হয়েছিল।
রোববার বিকেলে ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “শনিবার রাতেই আগুন নিয়ন্ত্রণে আসলেও, ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ও রাসায়নিক থাকায় তা সম্পূর্ণ নির্বাপণ করতে দীর্ঘ সময় লেগেছে। আজ বিকেল ৪টা ৫৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিভেছে।”
তিনি আরও বলেন, “কার্গো ভিলেজের যেখান থেকে আগুনের সূত্রপাত, সেখানে কোনো ‘ফায়ার ডিটেকশন সিস্টেম’ (অগ্নি সতর্কতা ব্যবস্থা) ছিল না। এই ব্যবস্থা থাকলে এত বড় দুর্ঘটনা ঘটত না এবং আগুন নেভাতেও এত বেগ পেতে হতো না।”আগুনের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।এর আগে, আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হোসেন সাংবাদিকদের জানান,
এই অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, “তদন্তের ক্ষেত্রে আমরা নাশকতাসহ কোনো কিছুই উড়িয়ে দেব না, সবকিছুই আমলে নেব।”উল্লেখ্য, এই অগ্নিকাণ্ডের কারণে গতকাল ২১টি ফ্লাইট বাতিল বা অন্য বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়, যার ফলে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন