অক্টোবর ২০, ২০২৫, ০৪:৩৬ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এক বিশাল নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই পরিকল্পনার অংশ হিসেবে ভোটের মাঠে প্রায় ১ লাখ সেনা সদস্য, দেড় লাখ পুলিশ সদস্য এবং সাড়ে ৫ থেকে ৬ লাখ আনসার সদস্য নিয়োজিত থাকবেন।
সোমবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
সচিব বলেন, “নির্বাচনের পরিবেশ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর পক্ষ থেকে কোনো ধরনের উদ্বেগের কথা জানানো হয়নি।”তিনি আরও জানান, জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগে ও পরে মোট ৮ দিন মাঠে নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আজকের এই বৈঠকটি এ. এম. এম. নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রথম আনুষ্ঠানিক সমন্বয় সভা। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), বিজিবি, র্যাব, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানেরা বা তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন