রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বৃহত্তর ঐক্যের স্বার্থেই জামায়াতের সঙ্গে জোট: নাহিদ ইসলাম

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২৫, ০৮:৪২ পিএম

বৃহত্তর ঐক্যের স্বার্থেই জামায়াতের সঙ্গে জোট: নাহিদ ইসলাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মেরুকরণের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে এবং বৃহত্তর জাতীয় ঐক্যের স্বার্থে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপি’র অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

একক নির্বাচন থেকে জোটে কেন? নাহিদ ইসলাম বলেন, এনসিপি প্রথম থেকেই এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে অনুযায়ী আমাদের পরিকল্পনা ও মনোনয়ন আহ্বান প্রক্রিয়া চলছিল। এমনকি সংস্কার প্রশ্নে আরও দুটি দলের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছিল।

কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার মধ্য দিয়ে দেশের নির্বাচনী প্রেক্ষাপট সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে।তিনি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান রোধ এবং গণঅভ্যুত্থানের চেতনা রক্ষায় সমমনা দলগুলোর ঐক্যবদ্ধ হওয়া জরুরি হয়ে পড়েছে।সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, জামায়াতসহ সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা এবং বৃহত্তর ঐক্যের জায়গা থেকে তাঁরা নির্বাচনে অংশ নেবেন।

সোমবার (২৯ ডিসেম্বর) এনসিপি’র পক্ষ থেকে তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।উল্লেখ্য, আজ বিকালেই জামায়াত আমীর ডা. শফিকুর রহমান ১০ দলীয় নির্বাচনী জোটের ঘোষণা দেন, যেখানে এনসিপি একটি অন্যতম শরিক দল হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। হাদি হত্যার বিচার নিশ্চিত করা এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ধরে রাখতেই এই নতুন রাজনৈতিক বিন্যাস বলে মনে করছেন এনসিপি নেতৃবৃন্দ।