ডিসেম্বর ২৮, ২০২৫, ১১:০৩ পিএম
জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট এবং দলের বর্তমান অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিস্ফোরক পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। রোববার (২৮ ডিসেম্বর) রাতে দেওয়া এক পোস্টে তিনি দলটির নীতিনির্ধারকদের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে নিজেকে দলীয় কার্যক্রম থেকে নিষ্ক্রিয় করার ঘোষণা দেন।
নুসরাত তাবাসসুম তাঁর পোস্টে লেখেন, এনসিপি গঠনের সময় গণতন্ত্রের সুষম চর্চা, মধ্যপন্থা এবং ‘বাংলাদেশপন্থা’র যে স্বপ্ন দেখানো হয়েছিল, তা তিনি মনে-প্রাণে ধারণ করেন।
কিন্তু দীর্ঘ ১০ মাস পর জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটে অংশগ্রহণের মাধ্যমে এনসিপির সর্বোচ্চ নেতৃত্ব সেই মূল আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন বলে তিনি মনে করেন।
আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতাদের ৩০০ আসনে প্রার্থী দেওয়ার আগের ঘোষণার কথা স্মরণ করিয়ে দিয়ে নুসরাত বলেন, “তৃণমূল পর্যন্ত বিশেষ করে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তাঁদের সাথে এই জোট ঘোষণার মাধ্যমে প্রবঞ্চনা করা হয়েছে।
নীতিনির্ধারকেরা নিজেরাই এনসিপির মূল বক্তব্য থেকে চ্যুত হয়েছেন।উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে নুসরাত তাবাসসুম ঘোষণা করেন, তিনি নিজেকে প্রাথমিকভাবে নির্বাচনকালীন সময়ে পার্টির সকল কার্যক্রম থেকে নিষ্ক্রিয় রাখছেন।তিনি আরও জানান, পরিস্থিতি পুনর্বিবেচনা করে ভবিষ্যতে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
উল্লেখ্য, এর আগে ডা. তাসনিম জারা, তাজনূভা জাবীন, মনিরা শারমিন এবং সামান্তা শারমিনের মতো শীর্ষস্থানীয় নারী নেত্রীরা পদত্যাগ বা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। নুসরাত তাবাসসুমের এই সর্বশেষ ঘোষণা এনসিপির অভ্যন্তরীণ কোন্দল ও আদর্শিক সংকটকে আরও ঘনীভূত করল।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন