বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

তৃতীয় অধিবেশনে বেশ কয়েকটি গণবিরোধী আইন পাস হয়েছে: নাহিদ ইসলাম

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৬, ১১:৩১ পিএম

তৃতীয় অধিবেশনে বেশ কয়েকটি গণবিরোধী আইন পাস হয়েছে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সদ্য সমাপ্ত তৃতীয় অধিবেশনে বেশ কয়েকটি গণবিরোধী আইন পাস হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সংসদের বিভিন্ন স্থায়ী কমিটি গঠনের ক্ষেত্রে সরকার চরম স্বেচ্ছাচারিতা প্রদর্শন করেছে। বৃহস্পতিবার রাতে সংসদের তৃতীয় অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার পর সংসদ ভবনের এলডি হলে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সংসদ অধিবেশন পরিচালনায় স্পিকার কিছু ক্ষেত্রে পক্ষপাতিত্ব করেছেন বলেও তিনি মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, দেশের চলমান নানামুখী সংকট ও নাজুক অর্থনৈতিক পরিস্থিতি নিরসনে সংসদীয় ভাষণে প্রধানমন্ত্রীর কাছ থেকে সুস্পষ্ট নীতিগত দিকনির্দেশনা আশা করেছিল সাধারণ মানুষ। কিন্তু সরকারপ্রধানের বক্তব্য দেশবাসীকে কেবল হতাশ করেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, জুলাই সনদ নিয়ে প্রধানমন্ত্রীর অবস্থান কোনো ইতিবাচক বার্তা দেয়নি, বরং গুরুত্বপূর্ণ এই জাতীয় অঙ্গীকার এড়িয়ে যাওয়া হয়েছে। সরকার বিরোধীদের গণতান্ত্রিক কর্মসূচির অনর্থক সমালোচনা না করে টেবিলে বসে কার্যকর আলোচনার উদ্যোগ নেবে বলে তিনি মত দেন।

একই মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সরকারের কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীনরা জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং বারবার রাজনৈতিক ওয়াদা ভঙ্গ করছে। তিনি স্পষ্ট করেন, তাঁর দল কোনো নিষ্ক্রিয় বা আনুষ্ঠানিক বিরোধী দল হতে আসেনি; সরকারের যেকোনো জনকল্যাণমুখী কাজে সমর্থন দিলেও জনস্বার্থবিরোধী প্রতিটি সিদ্ধান্তের কঠোর প্রতিবাদ জানানো হবে।

সম্প্রতি সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইনের তীব্র বিরোধিতা করে জামায়াত আমির বলেন, এই আইনটি ধর্মীয় অনুশাসনের পরিপন্থী হওয়ায় তা দেশবাসী কোনোভাবেই মেনে নেবে না। একই সাথে তিনি অভিযোগ তোলেন যে সংসদ সদস্যদের জন্য এলাকাভিত্তিক উন্নয়ন তহবিল বরাদ্দের ক্ষেত্রে সরকার রাজনৈতিক পক্ষপাতিত্ব ও অনিয়মের আশ্রয় নিচ্ছে।