রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১২, ২০২৬, ১২:৪১ পিএম

ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত

ডেপুটি স্পিকার কায়সার কামাল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ডেপুটি স্পিকারের পদ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে। বৃহস্পতিবার সংসদীয় কার্যক্রম শুরুর পর দেখা গেছে, সরকারি দলের পক্ষ থেকে প্রস্তাব থাকলেও বিরোধী দলের কেউ এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে আসীন হননি। 

এর পরিবর্তে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য এবং বর্তমান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল হোসেনকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়েছে। স্পিকার হিসেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম নির্বাচিত হওয়ার পরপরই ডেপুটি স্পিকার নির্বাচনের এই প্রক্রিয়া সম্পন্ন হয়।

দলীয় সূত্রগুলো জানিয়েছে, মূলত জুলাই সনদ বাস্তবায়নে সরকারের দীর্ঘসূত্রতার প্রতিবাদ হিসেবেই জামায়াত এই সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর আমির এবং সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্পষ্ট করেছিলেন যে, তারা খণ্ডিতভাবে কোনো পদ গ্রহণ করতে আগ্রহী নন। 

তিনি বলেন, জুলাই সনদের অঙ্গীকার অনুযায়ী ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দলের পাওয়ার কথা থাকলেও তারা চান পুরো প্যাকেজ বা সনদের প্রতিটি শর্ত বাস্তবায়ন হোক। সনদের পূর্ণ বাস্তবায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমেই তারা তাদের সংসদীয় দায়িত্ব পালন করতে চান। পিস মিল বা খণ্ডিত সমাধানের পরিবর্তে সামগ্রিক সংস্কারই তাদের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।অধিবেশনের প্রথম বৈঠকের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংসদ কার্যক্রম ৩০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করেন। 

সরকারি দলের পক্ষ থেকে শুরু থেকেই বিরোধী দলকে সংসদীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে ডেপুটি স্পিকার পদটি ছেড়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। তবে জামায়াত মনে করছে, জুলাই সংস্কারের প্যাকেজ বাস্তবায়ন না করে কেবল একটি পদ গ্রহণ করা জনআকাঙ্ক্ষার পরিপন্থী হবে। বিরোধী দলের এই অনড় অবস্থানের ফলে ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই রাষ্ট্র পরিচালনার নীতি ও সংস্কার প্রশ্নে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে একটি প্রকাশ্য নীতিগত মতপার্থক্য তৈরি হলো।