রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাবির সাবেক ভিসি আখতারুজ্জামান-হাসনাতের অনাকাঙ্ক্ষিত সাক্ষাৎ

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২০, ২০২৬, ০৫:০৯ পিএম

ঢাবির সাবেক ভিসি আখতারুজ্জামান-হাসনাতের অনাকাঙ্ক্ষিত সাক্ষাৎ

মুখোমুখি আখতারুজ্জামান ও হাসনাত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে শুক্রবার জুম্মার নামাজ শেষে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মুখোমুখি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আখতারুজ্জামান এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এ সময় তাদের মধ্যে হওয়া দীর্ঘ কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে সাবেক উপাচার্যের দায়িত্ব পালনকালীন বিভিন্ন কর্মকাণ্ড এবং ছাত্র নির্যাতনের দায় নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেছে। 

ভিডিওতে দেখা যায় জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পথে হাসনাত আব্দুল্লাহ সাবেক উপাচার্যের কাছে তার দায়িত্ব পালনকালে ঘটা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং নিপীড়নের জন্য তিনি অনুতপ্ত কি না তা জানতে চান।

কথোপকথনের এক পর্যায়ে হাসনাত আব্দুল্লাহ সাবেক উপাচার্যকে উদ্দেশ্য করে বলেন যে তাদের সময়ে ছাত্রলীগ ক্যাম্পাসে যে ধরনের নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে তাতে প্রশাসনের পরোক্ষ ইন্ধন ছিল। এর জবাবে ড. আখতারুজ্জামান পাল্টা দাবি করেন যে হাসনাত নিজেও এক সময় তাদের সাথেই ছিলেন। 

তবে এই দাবি তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে হাসনাত আব্দুল্লাহ জানান তিনি কখনোই প্রশাসনের সঙ্গে ছিলেন না বরং সবসময় তাদের কার্যক্রমের বিরোধিতা করেছেন। তিনি আরও অভিযোগ করেন যে তাকে রেজিস্ট্রার বিল্ডিংয়ে এক সময় জঙ্গি হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। এই বক্তব্যের প্রেক্ষিতে সাবেক উপাচার্য বিস্ময় প্রকাশ করে বলেন যে তাকে জঙ্গি বলা হয়েছিল এমনটা তার এই মুহূর্তে মনে পড়ছে না। হাসনাত আব্দুল্লাহ তখন পাল্টা প্রশ্ন করেন যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রশাসন কেন তখন ছাত্রদের ওপর চলা নিপীড়ন রুখতে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বিদ্যমান বিতর্কিত গেস্টরুম এবং গণরুম সংস্কৃতি নিয়ে প্রশ্ন করা হলে ড. আখতারুজ্জামান স্বীকার করেন যে তার সময়েও এই প্রথা চালু ছিল। তবে তিনি দাবি করেন এই সমস্যা সমাধানে তার পক্ষ থেকে কিছু ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছিল। হাসনাত আব্দুল্লাহ যখন প্রশাসনের ধারাবাহিক অসহযোগিতার কথা মনে করিয়ে দেন তখন সাবেক উপাচার্য বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। 

উল্লেখ্য যে অধ্যাপক ড. আখতারুজ্জামান ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৮তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে বিশেষ করে চা-সিঙ্গারা নিয়ে তার কিছু মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছিল। সবশেষে একে অপরের কুশল বিনিময় ও করমর্দনের মাধ্যমে এই সংক্ষিপ্ত ও উত্তপ্ত কথোপকথনের সমাপ্তি ঘটে।