রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গণমিছিলে পুলিশের বাধা, যমুনায় যাচ্ছে ৮ দলের প্রতিনিধিদল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৬, ২০২৫, ০২:২৩ পিএম

গণমিছিলে পুলিশের বাধা, যমুনায় যাচ্ছে ৮ দলের প্রতিনিধিদল

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ ৮টি সমমনা দলের গণমিছিলে বাধা দিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মিছিলটি পল্টন মোড় থেকে মৎস্য ভবন এলাকায় পৌঁছালে পুলিশি বাধার সম্মুখীন হয়। এর আগে, দলগুলো শাপলা চত্বরে জড়ো হয়ে পল্টন মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "প্রয়োজনে আবার জীবন দেবো, তবুও জুলাইয়ের চেতনা ভূলুণ্ঠিত হতে দেবো না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই।"

সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অন্যান্য সমমনা দলের নেতারা বক্তব্য রাখেন।

পুলিশি বাধার পর, ৮টি রাজনৈতিক দলের একটি প্রতিনিধিদল তাদের পাঁচ দফা দাবি সংবলিত স্মারকলিপি জমা দিতে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশে রওনা হয়েছে।

দলগুলোর পাঁচ দফা দাবি: ১. অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং এই আদেশের ওপর চলতি নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা। ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করা। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা। ৪. ‘ফ্যাসিস্ট’ সরকারের সকল নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার করা। ৫. ‘স্বৈরাচারের দোসর’ হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।