নভেম্বর ৬, ২০২৫, ০৬:২২ পিএম
নতুন রাজনৈতিক দল আমজনতা দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্যসচিব মো. তারেক রহমান গত মঙ্গলবার বিকাল থেকে ইসি ভবনের সামনে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। এবার তার এই কর্মসূচিতে সংহতি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৬ নভেম্বর) তিনি তারেকের দাবির প্রতি সমর্থন জানিয়ে অনশনস্থলে উপস্থিত হন।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, রিজভী আমজনতা দলের নিবন্ধন দাবিতে অনশনরত মো. তারেক রহমানের পাশে অবস্থান নিয়ে বিএনপির পক্ষ থেকে সংহতি জানাচ্ছেন।এসময় বিএনপির এ সিনিয়র নেতা বলেন, “তারেকের আমজনতা দল নিবন্ধিত হয়নি। আমি দেখেছি কিছু গুরুত্বহীন দলও নিবন্ধিত হয়েছে। কিন্তু তারেকের দলকে নিবন্ধন দেওয়া হলো না কেন, আমি বুঝতে পারলাম না।
রিজভী আরও বলেন, “তারেক এই দেশের স্বার্থে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন; দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছেন।” তিনি মন্তব্য করেন, তারেক একটি রাজনৈতিক দল গঠন করেছেন এবং সেটির নিবন্ধনের জন্য আইনসম্মতভাবে আবেদন করেছেন।রুহুল কবির রিজভী প্রশ্ন তোলেন, “সে তো কোনো গোপন রাজনৈতিক দল করতে চায়নি। সে আইনসম্মতভাবে রাজনীতি করতে চেয়েছে। সে স্বাধীনতার পক্ষে কাজ করেছে। আজকে তার দলের নিবন্ধন দেবেন না, তাহলে আপনারা কাদের নিবন্ধন দেবেন?”
অনশনরত তারেকের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, “তারেক যে রাজনৈতিক দল গঠন করেছে, তার নিবন্ধন অবশ্যই সে প্রাপ্য। এই ন্যায়সঙ্গত কারণে সে যে অনশন কর্মসূচি পালন করছেন, তার প্রতি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে পূর্ণ সংহতি জ্ঞাপন করছি।” মো. তারেক রহমান নিবন্ধন না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন