অক্টোবর ১, ২০২৬, ১২:৩২ পিএম
যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা ১৯৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৩৪ বছর পর আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে লন্ডনের একটি সম্মেলন কক্ষে সমবেত হয়ে সহপাঠীরা শৈশব ও কৈশোরের স্মৃতি রোমন্থন করেন।
যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রাক্তন শিক্ষার্থীরা এই আয়োজনে যোগ দেন। স্মৃতিচারণের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেওয়া প্রবাসীরা শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করেন তাদের প্রয়াত ও জীবিত শিক্ষকদের। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই মহামিলনে মূল আকর্ষণ ছিল প্রবাসে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির সাবেক বিশিষ্ট গুণীজনদের প্রাণবন্ত উপস্থিতি। যৌথভাবে পুরো স্মৃতিচারণ পর্বটি সঞ্চালনা করেন সাজিদুর রহমান ও সুহেল আহমেদ।
অনুষ্ঠানে সহপাঠীদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন শেখ রেজওয়ানুর রহমান, কয়ছর মিয়া, রয়েছ মিয়া, আলী আকবর, হিফজুর রহমান, রায়েছ মিয়া ও সোয়েব আহমদ। এছাড়া স্মৃতিচারণে অংশ নেন মল্লিক মোসলেহ উদ্দিন মিটু, লুৎফর রহমান মেরাজ, আব্দুল মুমিত নিজাম, শাহেদ ইমরান, ওমর শরীফ পিয়ার, সৈয়দ শাহীন এবং শেখ তাহের।
বিদ্যালয়ের প্রাক্তন প্রবীণ ও বিশিষ্ট শিক্ষার্থীদের উপস্থিতি পুরো আয়োজনকে সমৃদ্ধ করে।
আমন্ত্রিত গুণীজনদের মধ্য থেকে স্মৃতিচারণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও রাজনীতিবিদ সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ও শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মুহাদ্দিস আহমেদ, বিশিষ্ট ব্যক্তিত্ব সৈয়দ আবুল কাসেম এবং জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী মল্লিক শাকুর ওয়াদুদ। এছাড়া আলোচনায় অংশ নেন আইনজীবী সৈয়দ শাহীন আহমেদ, সাংবাদিক সৈয়দ আনাস পাশা, সাংবাদিক সৈয়দ জহরুল হক ও যুবনেতা মো. তারিফ আহমেদ।
বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র শাহ আলম কোরেশী, সৈয়দপুর যুবকল্যাণ পরিষদ লন্ডনের সাবেক সভাপতি সৈয়দ তারেক আহমেদ, বর্তমান সভাপতি সৈয়দ আশফাক আহমেদ, সদ্য সাবেক সভাপতি জিয়াউল ইসলাম সৈয়দ, ছড়াকার হিলাল সাইফ, মাহবুবুর রহমান কোরেশী ও সৈয়দ জামিল।
প্রাক্তন শিক্ষার্থীদের এই ঐক্যবদ্ধ উদ্যোগকে ব্রিটেনে প্রবাসীদের পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যের প্রাথমিক অধ্যায় হিসেবে অভিহিত করেন বক্তারা।
একই সঙ্গে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়নে প্রবাস থেকে কার্যকর অবদান রাখার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী শরীফ আহমেদ, আবু আহমেদ মসকুর, মজনু সাবের, কামরুল ইসলাম, রফিকুল হাসান হিরণ, সৈয়দ হোসেন আহমেদ, সৈয়দ সুমন এবং সৈয়দ সাকির।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন