সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১০:৩৬ পিএম
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে বাহরাইনে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুনির্দিষ্ট কিছু করণীয় ও বর্জনীয় বিষয়ে কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার পর এবং ইরানের পাল্টা পদক্ষেপের মুখে থাকা দেশটিতে বিভিন্ন অভিযোগে ব্যাপক ধরপাকড়ের প্রেক্ষাপটে এই সতর্কবার্তা জারি করা হয়। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসীদের মেনে চলার জন্য প্রয়োজনীয় নির্দেশনাগুলো আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়।
দূতাবাসের নির্দেশনায় বলা হয়েছে, বাহরাইনে বসবাসরত সব বাংলাদেশিকে দেশটির স্থানীয় আইনকানুন, সুনির্দিষ্ট বিধি-বিধান, কর্মস্থলের নির্ধারিত নীতিমালা, স্থানীয় সাইবার আইন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর আরোপিত বিধিনিষেধগুলো যথাযথভাবে মেনে চলতে হবে। সামাজিক মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে প্রবাসীদের পরিবার, বন্ধুবান্ধব ও ইতিবাচক যোগাযোগের গণ্ডি বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ করে চাকরি, নিয়োগকর্তা কিংবা কর্মস্থলসংক্রান্ত যেকোনো তথ্য, ছবি বা ভিডিও অনলাইনে শেয়ার করার পূর্বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা কঠোরভাবে অনুসরণ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এ ছাড়া যেকোনো অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফিশিং ফাইল বা সন্দেহজনক বার্তার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার এবং সব ধরনের প্রতারণা থেকে দূরে থাকার তাগিদ দেওয়া হয়েছে।
অনলাইন প্ল্যাটফর্মগুলোর দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে যেকোনো তথ্য বা ছবি প্রকাশের আগে তার সত্যতা যাচাই করা এবং যেকোনো ধরনের উসকানিমূলক বা সন্দেহজনক অনলাইন কার্যক্রম থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। বিজ্ঞপ্তিতে প্রবাসীদের কঠোরভাবে বর্জনীয় বিষয়গুলোর একটি দীর্ঘ তালিকাও প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—সন্ত্রাসবাদ, উগ্রবাদ কিংবা নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কোনো পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য বা প্রচার না করা।
একই সঙ্গে যেকোনো ধরনের গুজব, ভুয়া তথ্য বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচার থেকেও বিরত থাকতে বলা হয়েছে। ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েল বা অন্যান্য আঞ্চলিক আন্তর্জাতিক সংঘাতের জেরে স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে এমন যেকোনো উসকানিমূলক বা বিতর্কিত বিষয়বস্তু সামাজিক মাধ্যমে ছড়ানো থেকে দূরে থাকতে হবে। বাহরাইনে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কিংবা অনলাইন প্রচারণায় অংশ না নেওয়া, যথাযথ যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা অনলাইন তহবিলে আর্থিক অনুদান না দেওয়া এবং কর্মস্থল, বিমানবন্দর, সমুদ্রবন্দর, সরকারি স্থাপনাসহ যেকোনো নিরাপত্তা-সংক্রান্ত সংবেদনশীল স্থানের ছবি বা ভিডিও ধারণ বা প্রকাশ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
নিজেদের কিংবা অন্য প্রবাসীদের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংকের তথ্য কিংবা অন্যান্য সংবেদনশীল ব্যক্তিগত তথ্য কখনোই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার ওপরও জোর দেওয়া হয়েছে। ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ ছড়াতে পারে এমন যেকোনো পোস্ট, মন্তব্য বা বিতর্কে অংশ না নেওয়া এবং ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, সহজে বেশি আয়ের প্রলোভন কিংবা ক্রিপ্টোকারেন্সির মতো সন্দেহজনক বিনিয়োগ প্রতারণায় জড়ানো থেকে কঠোরভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের অপরাধ, সহিংসতা বা অবৈধ কার্যক্রমকে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সমর্থন বা প্রশংসা করে কোনো ধরনের মন্তব্য বা প্রতিক্রিয়া না জানাতে প্রবাসীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাহরাইনের বাংলাদেশ দূতাবাস।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন