শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,
প্রতিশ্রুতি ও রাজনীতি

জনগণকে দেওয়া কোনো ওয়াদা বিএনপি ভোলেনি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৯:৩০ পিএম

জনগণকে দেওয়া কোনো ওয়াদা বিএনপি ভোলেনি

জনগণকে দেওয়া কোনো ওয়াদা বিএনপি ভুলে যায়নি এবং অস্বীকারও করছে না বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি জানিয়েছেন, শুধু নির্বাচনপূর্ব প্রতিশ্রুতি নয়, বিগত পনেরো বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম এমনকি প্রতিষ্ঠার পর থেকে জনগণকে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে দলটি প্রতিশ্রুতিবদ্ধ।

ওয়াদা ভঙ্গের কোনো ইতিহাস বিএনপির নেই। আজ সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলার বারোটি ইউনিয়নের সিনিয়র নেতাদের যৌথ সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনপূর্ব ওয়াদা ভুলে যাওয়ার অভিযোগ তুলে বিএনপির বিরুদ্ধে বিরোধী দলের নেতার সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি। সভায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, যারা বিএনপির ওয়াদা নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের আগে নিজেদের দ্বৈতনীতি জনগণের সামনে পরিষ্কার করা উচিত। একদিকে জুলাই সনদ বাস্তবায়নের দাবি তোলা হচ্ছে, অন্যদিকে তা কার্যকরে সংসদীয় ও সাংবিধানিক প্রক্রিয়ায় অংশ না নেওয়া স্ববিরোধী রাজনীতি।

বিরোধী দলের আন্দোলন ও কর্মসূচি নিয়েও সরাসরি প্রশ্ন তোলেন তিনি। তিনি জানতে চান, বিরোধী দলের প্রকৃত দাবি ঠিক কত দফার। কিছুদিন আগে ছয় দফা, পরে সাত দফা এবং বর্তমানে আট দফার কথা বলা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আবার শেষ পর্যন্ত এক দফায় যাওয়ার কথাও শোনা যাচ্ছে। প্রতিদিন দফা বাড়ানো ও কমানো বিরোধী দলের রাজনীতিকেই প্রশ্নবিদ্ধ করছে এবং তারা অগ্রাধিকার নির্ধারণে ব্যর্থ হচ্ছে।

এদিকে আজ হালুয়াঘাটের দড়িনগুয়া ইটখোলা মাঠে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমরান সালেহ প্রিন্স।

সেখানে দেওয়া বক্তব্যে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গ্রাম থেকে শহর পর্যন্ত সর্বত্র খেলাধুলার উৎসব শুরু হয়েছে। মাদক, জুয়া ও নানা অনৈতিক কর্মকাণ্ড থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলা, সংস্কৃতি ও ধর্মীয় চর্চার বিস্তার ঘটাচ্ছে সরকার।