সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৭:৪০ পিএম
আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদ এবং বিরোধী রাজনৈতিক শক্তির অবস্থানের বিরুদ্ধে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি হালুয়াঘাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। বুধবার বিকেলে পৌর শহরের উত্তর বাজার ধান মহাল চত্বরে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সমাবেশ শেষে শহরে একটি প্রতিবাদ মিছিল বের হয়। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল ও সদস্য সচিব আনিসুর রহমান মানিক। বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রশ্ন তোলেন, আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে জামায়াত ও এনসিপি জোটের স্পষ্ট কোনো অবস্থান বা প্রতিবাদ কর্মসূচি নেই কেন। তিনি বলেন, বিরোধী শক্তির উচিত জনগণের কাছে এই প্রশ্নের সুস্পষ্ট জবাব দেওয়া। দেশের শান্তি, জননিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশের প্রশ্নে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দলের নিষ্ক্রিয় থাকার সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন। তার মতে, নির্বাচিত সরকারের বিরুদ্ধে এক দফার হুমকি ও দায়িত্বজ্ঞানহীন কর্মসূচির কারণে সুযোগ নিচ্ছে পতিত পক্ষ।
সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী অভিযোগ করেন, অতীতে লুটপাট ও সহিংসতা চালিয়ে একটি মহল দেশত্যাগ করেছে এবং তারা আর ফিরবে না। নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি সাধারণ মানুষকে নাশকতার বিরুদ্ধে সতর্ক থাকার পরামর্শ দেন।
সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল হালুয়াঘাট পৌর শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ স্মৃতিসৌধ চত্বরে গিয়ে শেষ হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন