শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,
ককটেল বিস্ফোরণ

রাজধানীতে মালিবাগের পর আরও ২ জায়গায় ককটেল বিস্ফোরণ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৯:২৯ পিএম

রাজধানীতে মালিবাগের পর আরও ২ জায়গায় ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগে শপিং মলের সামনে বিস্ফোরণের পর এবার সন্ধ্যা নামতেই আগারগাঁও ও মহাখালী এলাকায় পৃথক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।   শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকা এবং মহাখালীতে পৃথক এই বিস্ফোরণগুলো ঘটে।   

এর আগে দুপুরে জুমার নামাজের পরপরই মালিবাগের ফরচুন শপিং মলের সামনে রেলগেট সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে ফ্লাইওভারের ওপর থেকে দুটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।   ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহিদ জানান, মালিবাগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে।সন্ধ্যায় মহাখালী এলাকায় ফ্লাইওভারের ওপর থেকে নিচে ককটেল ছোড়া হয়।   

প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনের সামনে সড়কের ওপর আরও একটি ককটেল বিস্ফোরিত হয়।   ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় সাধারণ পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।এর আগে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই রাতে প্রথমে জগন্নাথ হলের গেট এলাকায় পরপর দুটি এবং এর কিছুক্ষণ পর টিএসসি চত্বরে আরও একটি ককটেল বিস্ফোরিত হলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চরম থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও পুলিশ ঘটনাস্থল থেকে নজরদারি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। একই দিন অর্থাৎ মঙ্গলবার দুপুরে চলন্ত মোটরসাইকেল থেকে সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।   

জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ফটকের সামনে সেই বিস্ফোরণ ঘটানো হয়েছিল।   আইন প্রয়োগকারী সংস্থার একাধিক দল ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে এবং নাশকতা সৃষ্টিকারীদের গ্রেপ্তারে নগরজুড়ে গোয়েন্দা নজরদারি ও তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।