সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১০:০১ পিএম
জামায়াতে ইসলামী ও এগারো দলীয় জোটের চলমান লংমার্চ কর্মসূচি এবং দলের এক নেতার ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ ও সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। রাশেদ খাঁন বলেন, জামায়াতসহ এগারো দলীয় জোট লংমার্চের মতো কর্মসূচি আয়োজন করছে। কর্মসূচিটি যদি প্রকৃত অর্থেই জনকল্যাণমুখী হতো, তবে তারা ঢাকা থেকে রংপুর পর্যন্ত পায়ে হেঁটে এই যাত্রা সম্পন্ন করত।
এ সময় পরোক্ষভাবে নাসির উদ্দিন পাটোয়ারীর দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, জামায়াত জোটের এক নেতার নাম উচ্চারণ করতেও তার লজ্জা লাগে। আওয়ামী লীগের মালিকানাধীন একটি বিলাসবহুল প্রাডো গাড়িতে চড়ে তিনি লং মার্চে অংশ নিয়েছেন এবং সেখান থেকে সমাবেশে অট্টহাসি ও উসকানি দিচ্ছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জামায়াত যেন এ ধরনের উসকানি দিয়ে কিংবা লংমার্চকে মূলত একটি ‘লং ড্রাইভে’ রূপান্তর করে রংপুরে প্রবেশ না করে। সাধারণ মানুষ এমন আচরণ প্রত্যাশা করে না।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, জ্যেষ্ঠ বিএনপি নেতা ফজলুর রহমান বাদল ও মো. লিটন পারভেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন। এর আগে রাশেদ খাঁন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ে কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে তিনি হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করেন এবং সেখানে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন