শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে ১১ দলীয় জোটের মিছিল

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১০:২৯ পিএম

বীরগঞ্জে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে ১১ দলীয় জোটের মিছিল

ছবি: দিনাজপুর টিভি

ঢাকা থেকে রংপুর অভিমুখে নির্ধারিত লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে শুভেচ্ছা মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বীরগঞ্জ জামায়াত কার্যালয়ের সামনে থেকে একটি স্বাগত মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক হিসেবে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় লংমার্চ সফল করার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন অংশ নেওয়া নেতাকর্মীরা।

মিছিল-পরবর্তী সমাবেশে গণতন্ত্র বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংস্কার কমিশন গঠন এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধসহ মোট ৭ দফা দাবি তুলে ধরা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহসভাপতি ও জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. রাশেদুন নবী বাবু, বীরগঞ্জ উপজেলা শাখার অফিস সম্পাদক ও জামায়াত মনোনীত ১১ নম্বর মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাজমুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. আমিনুল ইসলাম এবং বীরগঞ্জ পৌর শাখার আমির মুহা. মোসাদ্দেক হোসাইন।

এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বীরগঞ্জ উপজেলা শাখার ১ নম্বর যুগ্ম সমন্বয়ক মো. আবু বক্কর সুমন, সমন্বয়কারী মুফতি নুরুল ইসলাম, বীরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আমির মাওলানা ক্বারী নাজিবুর রহমান নাজিব এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন বীরগঞ্জ পৌর শাখার সেক্রেটারি মো. সাইদুল ইসলামসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিল ও সমাবেশ শেষে নেতৃবৃন্দ আগামীকালের ঢাকা-রংপুর লংমার্চ সর্বাত্মকভাবে সফল করতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন।