সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১০:১২ পিএম
জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছপালার শাখা-প্রশাখা কাটার কাজের জন্য আগামী শনিবার রাজশাহীর বিভিন্ন এলাকায় টানা সাড়ে ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন এগারো কেভি লাইনের আশপাশের গাছপালার শাখা-প্রশাখা অপসারণের কাজের কারণে শনিবার সকাল সাতটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সংশ্লিষ্ট ফিডারগুলোর আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে—তালাইমারী, মতিহার, ধরমপুর, ফুলতলা, সোরাফানের মোড়, কাজলা, বিনোদপুর, মির্জাপুর, মকবুল হাওলাদারের মোড়, মাছোপাড়া, বেলদারপাড়া, ঢাকা বাস স্ট্যান্ড, বটতলা ও তৎসংলগ্ন এলাকাসমূহ।
তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় সচল করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার এই জরুরি কাজের জন্য সাময়িক এই অসুবিধার কারণে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকোর রাজশাহী কর্তৃপক্ষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন