সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০৯:২৯ পিএম
ইউক্রেন সংঘাতের জেরে চার বছর আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিষেধাজ্ঞার মুখে থাকার পর ফুটবলে রাশিয়ার আংশিক প্রত্যাবর্তনের সুযোগ তৈরি হয়েছে। আজারবাইজানে অনুষ্ঠিতব্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ড্রয়ে রাশিয়ার যুব দলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেলেও সিনিয়র আন্তর্জাতিক ফুটবলে দেশটির ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি।
ফিফার এই উদ্যোগ তৃণমূল ও বয়সভিত্তিক ফুটবলের উন্নয়নকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। বিশ্বজুড়ে যেসব দেশ বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার পর্যাপ্ত সুযোগ পায় না, তাদের সাথে সক্ষমতার ব্যবধান কমিয়ে আনাই এই বিশেষ ফুটবল উৎসবের অন্যতম মূল লক্ষ্য। আগামী বছর মেয়েদের অনূর্ধ্ব-১৫ সংস্করণ আয়োজনের পরিকল্পনা রয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার। একই সাথে ২০২৮ সাল থেকে প্রতিযোগিতাটিকে নিয়মিত বার্ষিক আয়োজন হিসেবে মাঠে নামানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে সংস্থাটি।
আগামী ২৪ থেকে ৩০ অক্টোবর আজারবাইজানে বসবে যুব ফুটবলের এই আসর। বিশ্বের মোট ১৯১টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। তবে মাঠের লড়াই অনুষ্ঠিত হবে ভিন্ন এক নিয়মে। প্রচলিত ফুটবলের মতো বড় মাঠে খেলা হবে না, বরং ছোট মাঠে প্রতিটি দলে আটজন করে খেলোয়াড় অংশ নেবে। ম্যাচের সময়সীমা নির্ধারিত হয়েছে ২০ মিনিট করে দুই অর্ধে মোট ৪০ মিনিট। রাশিয়ার অন্তর্ভুক্তি সত্ত্বেও ভূ-রাজনৈতিক কারণে ইউক্রেন, জার্মানি, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ এবারের আসরে অংশ নেওয়া থেকে বিরত থাকছে।
যুব পর্যায়ে রাশিয়া মাঠে নামার সুযোগ পেলেও সিনিয়র দল ও ক্লাব ফুটবলে তাদের ওপর আরোপিত স্থগিতাদেশ এখনো কার্যকর রয়েছে। রাশিয়ার জাতীয় দল ও পেশাদার ক্লাবগুলোর ওপর ফিফা এবং ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার দেওয়া নিষেধাজ্ঞার নীতিতে আপাতত কোনো পরিবর্তন আসেনি। উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন স্পষ্ট জানিয়েছেন যে চলমান সংঘাতের আনুষ্ঠানিক অবসান না হওয়া পর্যন্ত সিনিয়র আন্তর্জাতিক ফুটবলে রাশিয়ার প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই। ফলে কেবল অনূর্ধ্ব-১৫ পর্যায়ে খেলার সুযোগ পেলেও রাশিয়ার জাতীয় দল এবং ক্লাব ফুটবলের ওপর আন্তর্জাতিক অঙ্গনের পূর্ণ নিষেধাজ্ঞা আগের মতোই বহাল থাকছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন