সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১০:১৬ পিএম
আইন পেশায় শুধু অর্থ উপার্জনই শেষ কথা নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আইনজীবীদের মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে `এনএসইউ ল ফেস্ট সিজন-৩`-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। আইনমন্ত্রী বলেন, মক্কেল যখন বিপদে পড়ে আইনজীবীর কাছে আসেন, তখন তিনি আইনজীবীর ওপর আস্থা ও বিশ্বাস রাখেন এবং সেই আস্থার মর্যাদা দেওয়া আইনজীবীর পবিত্র দায়িত্ব।
একজন আইনজীবী একই সঙ্গে মক্কেলের প্রতি দায়বদ্ধ এবং আদালতের একজন কর্মকর্তা বলে উল্লেখ করেন আইনমন্ত্রী। আদালতকে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সহায়তা করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা আইনজীবীর অন্যতম প্রধান দায়িত্ব বলে তিনি জানান। আইনজীবীর কাছে আসা প্রতিটি মক্কেল অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, মক্কেলের আর্থিক সামর্থ্য বিবেচনা করে প্রয়োজনে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। পেশাগত জীবনে অর্থের পাশাপাশি মানুষের জন্য কাজ করার সুযোগকেও সমান গুরুত্ব দিতে হবে।
একজন ভালো আইনজীবী হওয়ার জন্য পড়াশোনা ও কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই বলে জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তাঁর মতে, আইন পেশায় সফল হতে হলে সততা, দক্ষতা, পেশাগত দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে নিজেকে গড়ে তুলতে হবে এবং এর কোনো শর্টকাট নেই। আইনজীবীদের সমাজের `সোশ্যাল ইঞ্জিনিয়ার` হিসেবে অভিহিত করে মন্ত্রী বলেন, সমাজের পরিবর্তন ও বিকাশে তাদের ভূমিকা অপরিসীম। কোনো আইনে অসংসঙ্গতি থাকলে কিংবা পরিবর্তনের প্রয়োজন হলে আইনজীবীদের তা চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে মতামত দেওয়ার আহ্বান জানান তিনি।
তরুণ আইন শিক্ষার্থীদের ভবিষ্যতে আইনের শাসন, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের তাগিদ দিয়ে আইনমন্ত্রী বলেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের জ্ঞান ও দক্ষতাকে শানিত করতে হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন