শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে উন্নয়ন প্রকল্প ও দুঃস্থদের মাঝে চেক বিতরণ

মো: মামুনুর রশিদ

সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১০:০৪ পিএম

দিনাজপুরে উন্নয়ন প্রকল্প ও দুঃস্থদের মাঝে চেক বিতরণ

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরে জেলা পরিষদের আয়োজনে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং দুঃস্থদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। নতুন সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার ওপর বিশেষ জোর দিচ্ছে। 

মানুষের আর্থিক সক্ষমতা থাকলে তাদের মতামত জোরালো হয় এবং যেকোনো সিদ্ধান্ত গ্রহণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে তিনি মন্তব্য করেন। স্থানীয় সরকারকে ক্ষমতায়িত করা গেলে উন্নয়ন কার্যক্রম আরও বেশি অংশগ্রহণমূলক হতে পারে বলে উল্লেখ করেন মন্ত্রী। তার মতে, এতে কোনো বৈষম্য ছাড়াই স্থানীয় এলাকা এবং দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে মোট ১৩৭টি উন্নয়ন প্রকল্প এবং দুঃস্থদের মাঝে সর্বমোট ৬৫ লাখ ৭৫ হাজার ৬২৫ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মঞ্জুরুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এবং জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু ও মাহবুব আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাসাসের আহ্বায়ক মো. আখতারুজ্জামান আখতার।