শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

তেজগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের সচেতনতা অভিযান

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০৮:৫৬ পিএম

তেজগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের সচেতনতা অভিযান

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এডিস মশার বংশবিস্তার রোধ এবং ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশেষ মশক নিধন ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। শনিবার বেলা তিনটার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের বাবলী মসজিদ সংলগ্ন এলাকায় এই মাঠপর্যায়ের কর্মসূচি পরিচালিত হয়।

দলীয় নির্দেশনা ও যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর যুবদলের অধীন ২৪ নম্বর ওয়ার্ড শাখা এই পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের আয়োজন করে। মশক নিধন সামগ্রী নিয়ে মাঠে নামেন নেতাকর্মীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল এবং সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। 

এ সময় নেতৃবৃন্দ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং বাড়িঘর ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের সমন্বয়ে পরিচালিত এই কার্যক্রমে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়ে মশক নিধন কার্যক্রম পরিচালনা করেন।