বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

ঠাকুরগাঁওয়ে প্রতিমা প্রবেশ ঘিরে সংঘর্ষে আহত ৪

তানভীর হাসান তানু

অক্টোবর ১, ২০২৬, ০৩:৫৫ পিএম

ঠাকুরগাঁওয়ে প্রতিমা প্রবেশ ঘিরে সংঘর্ষে আহত ৪

ছবি: দিনাজপুর টিভি

ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁওয়ে অবস্থিত শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দির প্রাঙ্গণে দুর্গা প্রতিমা প্রবেশ করানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে কমপক্ষে চারজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করার পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি উপস্থিত হন।

সকালে মন্দিরে দুর্গা প্রতিমা প্রবেশের সময় প্রথম বিরোধের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মন্দিরে প্রতিমা ঢোকানোর সময় সনাতন ধর্মাবলম্বীদের সাধারণ অংশ ও ইসকন সমর্থকদের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে অন্তত চারজন রক্তাক্ত হন এবং বেশ কয়েকজনের মাথায় গুরুতর আঘাত লাগে। ভুক্তভোগীদের অভিযোগ, মারামারির সময় লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয় এবং অনেকের মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে ওই ঐতিহাসিক মন্দিরের জমি ও পূজা উদযাপন নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। আসন্ন শারদীয় দুর্গোৎসবে নতুন করে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সে লক্ষ্যে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিবদমান দুই পক্ষকে নিয়ে জরুরি বৈঠকের মাধ্যমে সমঝোতার চেষ্টা চালানো হচ্ছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে মন্দির এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।