অক্টোবর ১, ২০২৬, ০৩:০৪ পিএম
আগামী বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তৃণমূলের প্রতিটি স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি।
ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনে প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন করা হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় সরকারের এই নীতিগত অবস্থানের কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক ভিত্তিকে শক্তিশালী করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও জনমুখী রূপ দিতে নিয়মিত ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। ভোটাররা যেন কোনো প্রকার ভয়ভীতি ছাড়া নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে রায় দিতে পারেন, সেই অনুকূল পরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্রীয় সব শক্তি নিয়োজিত থাকবে। নির্বাচন পরিচালনায় কোনো ধরনের অনিয়ম, কারচুপি কিংবা বিশৃঙ্খলা সহ্য করা হবে না।
জাতীয় বিদ্যুৎ সংকট মোকাবিলায় গৃহিত পদক্ষেপ তুলে ধরে তিনি জানান, বিদ্যুতের চাহিদা পূরণ এবং জাতীয় গ্রিডের ওপর মাত্রাতিরিক্ত চাপ কমাতে ভবনের ছাদে সৌরবিদ্যুৎ বা রুফটপ সোলার ব্যবস্থার দ্রুত সম্প্রসারণ করা হচ্ছে।
ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে উৎপাদিত শক্তি প্রথমে সংশ্লিষ্ট ভবন ও প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা মেটাবে।
পরবর্তীতে অবশিষ্ট উদ্বৃত্ত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে বিদ্যমান বিদ্যুৎ ঘাটতি দূর হওয়ার পাশাপাশি প্রচলিত সরবরাহ কাঠামোর ওপর চাপ অনেকাংশে কমে আসবে। পরিকল্পিতভাবে এই নবায়নযোগ্য শক্তি সম্প্রসারণ করা গেলে বিদ্যুৎ উৎপাদন ও সার্বিক জ্বালানি ব্যবস্থাপনায় একটি দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কৃষি খাতের সার ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী দাবি করেন, বিরোধী দলের সংসদ সদস্যরা যেসব এলাকায় রয়েছেন, মূলত সেসব অঞ্চলে কৃত্রিমভাবে সারের সংকট দেখানো হয়েছে। বর্তমান সরকারের সুনাম ও গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ করার অংশ হিসেবেই এমন চক্রান্ত চালানো হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।
এর আগে গাইবান্ধা পৌঁছালে সার্কিট হাউসে প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় পর্ব শেষ করে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক বিশেষ যৌথ সভায় অংশ নেন তিনি। সেখানে জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাধারণ মানুষের নিরাপত্তা এবং প্রশাসনিক সমন্বয় সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন