অক্টোবর ৫, ২০২৫, ১০:৪৮ এএম
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের যেকোনো সময় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসাথে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়ে গরমের অনুভূতিও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।রোববার সকালে আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও আশপাশের অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকবে।
আজ দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। গতকাল শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে দেশের অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৩ মিনিটে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন