ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১০:৪৬ পিএম
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় এ বছর ভুট্টার বাম্পার ফলন হয়েছে। বিশেষ করে উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের বড় হরিপুর সাহাপাড়া গ্রামে ভুট্টার সোনালি সমারোহ দেখে কৃষকদের মুখে হাসির ঝিলিক দেখা দিয়েছে। অনুকূল আবহাওয়া আর সঠিক পরিচর্যার ফলে এই অঞ্চলে ভুট্টা চাষে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
স্থানীয় কৃষক মতিন এ বছর তার জমিতে উন্নত জাতের ভুট্টা চাষ করেছেন। তিনি জানান, বিগত বছরগুলোর তুলনায় এবার ফলন অনেক বেশি হয়েছে। আবহাওয়া চাষাবাদের জন্য উপযোগী থাকা এবং সঠিক সময়ে সার ও সেচ নিশ্চিত করতে পারায় প্রতিটি ভুট্টা বেশ পুষ্ট হয়েছে।
প্রতি বিঘায় ভুট্টার যে উৎপাদন হয়েছে, তা তার প্রত্যাশার চেয়েও অনেক বেশি। এই অভাবনীয় সাফল্য দেখে মতিন আগামী মৌসুমে আরও বড় পরিসরে ভুট্টা চাষের পরিকল্পনা করছেন। তিনি মনে করেন, আধুনিক পদ্ধতি অনুসরণ করলে এ অঞ্চলের কৃষকরা ভুট্টা চাষের মাধ্যমে দ্রুত স্বাবলম্বী হতে পারবেন।
কৃষকদের এই সাফল্যের পেছনে নিয়মিত তদারকি ও কারিগরি সহায়তার কথা জানিয়েছেন ফিল্ড সুপারভাইজার শাহাবুদ্দিন। তিনি বলেন, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও সুষম সারের ব্যবহার নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কৃষকদের নিরলস পরামর্শ দেওয়া হয়েছে। নিয়মিত জমি পরিদর্শন করে পোকা দমন ও সঠিক সেচ ব্যবস্থাপনায় কৃষকদের সচেতন করা হয়েছে, যার সুফল এখন মাঠে দৃশ্যমান।
তিনি সবসময় কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন যেন তারা সর্বোচ্চ ফলন ঘরে তুলতে পারেন।স্থানীয় কৃষিজীবীরা মনে করছেন, ভুট্টা চাষে খরচ তুলনামূলক কম এবং লাভ বেশি হওয়ায় পার্বতীপুরে এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বড় হরিপুর সাহাপাড়া গ্রামের এই সফলতা দেখে আশেপাশের গ্রামের কৃষকরাও এখন ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছেন। এলাকাবাসীর মতে, এমন বাম্পার ফলন অব্যাহত থাকলে পার্বতীপুরে ভুট্টা চাষ আরও সম্প্রসারিত হবে এবং কৃষকদের সার্বিক অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন ঘটবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন