ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০২:৫১ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন বোরো ধান চাষের ধুম পড়েছে। ঋতুর পরিবর্তনের সাথে সাথে ইরি বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের মাঠগুলোতে ভোরের আলো ফোটার সাথে সাথেই শুরু হচ্ছে কৃষকদের কর্মতৎপরতা, যা চলে সন্ধ্যা পর্যন্ত। চারদিকে কচি চারার সবুজ আভা আর কৃষকদের প্রাণচাঞ্চল্যে গ্রামাঞ্চল এখন মুখর।
মঙ্গলবার সকালে বীরগঞ্জ পৌর শহরের বলাকা মোড় সংলগ্ন এলাকায় দেখা যায়, কৃষি কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কেউ লাঙ্গল দিয়ে জমি তৈরি করছেন, কেউ সেচ যন্ত্রের মাধ্যমে জমিতে পানি দিচ্ছেন, আবার অনেকে দলবদ্ধভাবে শ্রমিক নিয়ে সারিবদ্ধভাবে ধানের চারা রোপণ করছেন।
অনুকূল আবহাওয়া ও সেচ সুবিধা পর্যাপ্ত থাকায় এবার বোরো আবাদে বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন এ অঞ্চলের কৃষকরা।স্থানীয় চাষিদের সাথে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে তারা উচ্চ ফলনশীল জাতের ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন।
বিশেষ করে ব্রি ধান-২৮, ব্রি ধান-২৯, ব্রি ধান-৮৯ এবং ব্রি ধান-৯২ জাতের চারা রোপণে কৃষকদের আগ্রহ বেশি দেখা গেছে। তাদের মতে, সঠিক সময়ে চারা রোপণ সম্পন্ন করতে পারলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে বিঘাপ্রতি কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।
উন্নত জাতের বীজ সংগ্রহ, সঠিক সময়ে সার প্রয়োগ এবং আধুনিক সেচ ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা নিয়মিত তদারকি করছেন। ইরি বোরো ধানের চারা রোপণকে ঘিরে বীরগঞ্জের মাঠগুলোতে যে কর্মচাঞ্চল্য বিরাজ করছে, তা আগামীর সমৃদ্ধ ফসলেরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কৃষকের ঘাম আর পরিশ্রমে সবুজে ভরে উঠছে ফসলের জমি, যা এ অঞ্চলের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন