রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে জৈব বালাইনাশক ব্যবহারে কৃষক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৯, ২০২৬, ১০:৫৯ পিএম

দিনাজপুরে জৈব বালাইনাশক ব্যবহারে কৃষক কর্মশালা অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঘুঘুডাঙ্গায় নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জৈব বালাইনাশক ব্যবহারের গুরুত্ব নিয়ে এক দিনব্যাপী কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঘুঘুডাঙ্গা বাজারে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় এলাকার ৫৫ জন মডেল সবজি চাষি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে কৃষকদের মাঝে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় উপস্থিত বিশেষজ্ঞরা জানান, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এবং জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে রাসায়নিক বালাইনাশকের বদলে জৈব বালাইনাশক বা বায়োপেস্টিসাইড ব্যবহারের কোনো বিকল্প নেই। 

এতে ফসলের ক্ষতিকর পোকামাকড় দমনের পাশাপাশি মাটির প্রাকৃতিক উর্বরতা বজায় থাকে। এর ফলে উৎপাদিত ফসল মানবদেহের জন্য যেমন নিরাপদ হয়, তেমনি কৃষি পরিবেশের ভারসাম্যও রক্ষা পায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সুরভি আক্তার। তিনি নিরাপদ ও বিষমুক্ত ফসল ফলানোর জন্য কৃষকদের আধুনিক পদ্ধতির সঙ্গে পরিচিত হওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সীড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মোঃ মোফাখাইরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র এলাকার সাবেক মেম্বার আব্দুল হালিম।

কর্মশালায় ব্র্যাক সিডের উদ্যোগে পরিবেশবান্ধব জৈব বালাইনাশক প্রযুক্তির পাশাপাশি উন্নত ও উচ্চ ফলনশীল জাতের বিভিন্ন সবজি বীজ নিয়েও কৃষকদের ধারণা দেওয়া হয়। এছাড়া সময়োপযোগী হাইব্রিড ধান, আলু, উফশী ধান ও ভুট্টার আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং উন্নত কৃষি কলাকৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারী সকল মডেল কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল সবজি বীজ এবং পরিবেশবান্ধব জৈব বালাইনাশক বিতরণ করা হয়। স্থানীয় কৃষকরা এ ধরনের আয়োজনের মাধ্যমে আধুনিক কৃষি জ্ঞান লাভ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।