রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে হাইব্রিড ধানের ফলন বাড়াতে কৃষকদের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

জুন ৫, ২০২৬, ১২:০৯ এএম

দিনাজপুরে হাইব্রিড ধানের ফলন বাড়াতে কৃষকদের কর্মশালা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদ হলরুমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সীড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।

সকাল ১০টায় শুরু হওয়া কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সীড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মো. মোফাখাইরুল ইসলাম, কৃষি উপ-সহকারী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, টিএসও হারুন অর রশিদ, কৃষিবিদ মো. আব্দুল্লাহ এবং পিডিএস মো. মোজাফফর হোসেন।

মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জেলার বিভিন্ন এলাকা থেকে আমন্ত্রিত প্রায় ৬৬ জন মডেল কৃষক অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের বীজ নির্বাচন, হাইব্রিড ধানের চাষাবাদ, আলু, উফশী ধান, ভুট্টা, সবজি ও বায়োপেস্টিসাইড ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন অর্জনের নানা কৌশল তুলে ধরা হয়।প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. আফজাল হোসেন বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার বিকল্প নেই। 

উন্নত জাতের বীজ ও সঠিক পরিচর্যার মাধ্যমে কৃষকরা অধিক ফলন অর্জন করতে পারবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় কৃষকদের পাশে রয়েছে।আলোচনা শেষে আসন্ন আমন মৌসুমে চাষাবাদের জন্য আলোচিত ব্র্যাক হাইব্রিড-১০ ধানের বীজ মডেল কৃষকদের মাঝে বিতরণ করা হয়।