আগস্ট ২৯, ২০২৬, ১১:৪০ এএম
একসময় সংসারে চরম অভাব থাকায় অন্যের জমিতে কাজ করতেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিপুর গ্রামের তৌহিদুল ইসলাম তৌহিদ। ২০১৪ সালে পরিবার থেকে আলাদা হওয়ার পর জীবিকার তাগিদে দিনমজুরি শুরু করলেও বর্তমানে তিনি পঁয়তাল্লিশ বিঘা জমিতে ফলের বাগান গড়ে তুলেছেন। মশুরি বিক্রির টাকায় বর্গা নেওয়া ছয় বিঘা জমিতে পেয়ারা চাষ দিয়ে তাঁর এই সফলতার পথচলা শুরু হয়।সেই পেয়ারা চাষই ধীরে ধীরে বদলে দেয় তৌহিদের ভাগ্যের চাকা।
বর্তমানে তাঁর বাগানের পরিধি বেড়ে পঁয়তাল্লিশ বিঘায় দাঁড়িয়েছে, যার মধ্যে চৌদ্দ বিঘায় পেয়ারা, সতেরো বিঘায় মাল্টা ও কমলা এবং চার বিঘায় ড্রাগন ফলের আবাদ রয়েছে। কৃষি বিভাগের পরামর্শে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে শুধু মাল্টা থেকেই তিনি প্রায় পঞ্চাশ লাখ টাকা আয়ের আশা করছেন, যেখানে তাঁর খরচ হয়েছে মাত্র ছয় থেকে সাত লাখ টাকার মতো। একসময় অন্যের জমিতে কাজ করা তৌহিদ এখন নিজের বাগানে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন এবং প্রতিবছর লাখ লাখ টাকার ফল বাজারে বিক্রি করছেন।
তৌহিদের এই পরিবর্তন দেখে গ্রামের মানুষও অবাক এবং তাদের মতে কঠোর পরিশ্রম ও বুদ্ধি দিয়েই সে আজ এই সফলতা অর্জন করেছে। শুধু তৌহিদ নন, সীমান্ত ইউনিয়নে এখন ফল চাষের পরিধি বাড়ছে এবং প্রায় তিনশ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফলের বাগান গড়ে উঠেছে। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নিয়মিত পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা আধুনিক পদ্ধতিতে চাষাবাদে উদ্বুদ্ধ হচ্ছেন, যার উজ্জ্বল দৃষ্টান্ত দিনমজুর থেকে সফল উদ্যোক্তা হয়ে ওঠা তৌহিদ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন