জুন ৯, ২০২৬, ০১:৩১ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টার দিকে জুনাব আলী ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। হামলাকারীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কে থ্রি-হুইলার চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বেশ কিছু অটোরিকশা চলাচল করছিল। হাইওয়ে পুলিশ চালকদের বাধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে অটোরিকশা চালকরা পুলিশের ওপর চড়াও হয় এবং পরবর্তীতে একটি সংঘবদ্ধ দল পুলিশের গাড়িটি ভাঙচুর করে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ সদস্যরা গাড়ি রেখে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হন।স্থানীয়দের দাবি, বুড়িচং উপজেলা মোকাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানীর ইন্ধনে এই হামলা চালানো হয়েছে। মহাসড়কে পণ্য আনা-নেওয়ার কাজে ব্যবহৃত অটোরিকশা চালকদের উসকানি দিয়ে এই অরাজকতা সৃষ্টি করা হয় বলে অভিযোগ রয়েছে।
ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মুমিন জানান, সরকারি দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। তিনি বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছি। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
হাইওয়ে পুলিশ সুপার মো. শাহিনুর আলম গাড়ি ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় পুলিশের ওপর এমন হামলার ঘটনায় এলাকায় তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন