সেপ্টেম্বর ২০, ২০২৬, ১২:০৬ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর নাহিদা নাহিদের ছেলে ইশায়েক শাহরিয়ার অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। রোববার বেলা সোয়া এগারোটার দিকে তারা মহাসড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করেন। এর আগে শনিবার ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। সেখানে চার দফা দাবি জানিয়ে প্রশাসনকে বারো ঘণ্টার সময়সীমা দেওয়া হয়।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিতে ওই কর্মসূচিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। তাদের ঘোষিত চার দফার মধ্যে প্রধান দাবি হলো অপ্রতিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে বারো ঘণ্টার মধ্যে তদন্তের অগ্রগতি ও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করা। দ্বিতীয় দফায় বলা হয় কুমিল্লা শহর ও আশপাশের এলাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তায় দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
একই সঙ্গে নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, জেলা পুলিশ প্রশাসন, সদর দক্ষিণ থানা এবং সংশ্লিষ্ট ফাঁড়ির দায়িত্বশীলদের স্বীকার করার দাবি জানানো হয়। অন্য দুটি দাবিতে বিশ্ববিদ্যালয়ের জরুরি নিরাপত্তা বিবেচনায় ক্যাম্পাসের পাশে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন এবং বারো ঘণ্টার মধ্যে জেলা প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ নিশ্চিত করার কথা উল্লেখ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতি না হলে ক্যাম্পাস ও মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান অন্তর জানান, পুলিশ সুপারকে শিক্ষার্থীদের সামনে এসে তদন্তের সার্বিক অগ্রগতি ব্যাখ্যা করার আহ্বান জানানো হয়েছিল। তিনি বলেন, বারো ঘণ্টার মধ্যে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নিলে মহাসড়ক অবরোধের কথা আগেই জানানো হয়। এটি শুধু একক কোনো ঘটনার বিষয় নয়, সাধারণ শিক্ষার্থীদের ভেতর তীব্র নিরাপত্তাহীনতা ও ক্ষোভের জন্ম দিয়েছে। তিনি আরও জানান, প্রশাসনের নেওয়া পদক্ষেপ পর্যালোচনার পর শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত ঠিক করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন