শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

মেঘনায় ট্রলারডুবি: তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১২:৩০ পিএম

মেঘনায় ট্রলারডুবি: তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনার দুই দিন পর একই পরিবারের চার নিখোঁজের মধ্যে তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। শনিবার সকাল আটটার দিকে বৈদ্যার বাজার আল মোস্তফা ফ্যাক্টরির সামনের মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় তাদের বাবা হেলাল উদ্দিন এখনও নিখোঁজ রয়েছেন।

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথেই মর্মান্তিক এই ট্রলারডুবির ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলার শ্রীমন্দী গ্রাম থেকে সোনারগাঁয়ের মায়াময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ইঞ্জিনচালিত ট্রলারে রওনা হন যাত্রীরা। গবাদিপশুসহ ১৩ জন যাত্রী নিয়ে ট্রলারটি বৈদ্যার বাজারের দিকে যাওয়ার পথে মেঘনা নদীর মাঝে হঠাৎ তীব্র ঝড়ের কবলে পড়ে। প্রচণ্ড ঢেউ ও বাতাসের তোড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে নদীতে ডুবে যায়। দুর্ঘটনার পর নৌকায় থাকা যাত্রীদের মধ্যে আটজন তাৎক্ষণিকভাবে সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হন।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় রাশিদা নামের এক নারীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দুর্ঘটনার পর থেকেই একই পরিবারের চারজন সদস্য পানিতে তলিয়ে নিখোঁজ ছিলেন। নিখোঁজ ব্যক্তিরা হলেন হেলাল উদ্দিন, তাঁর ছেলে সজিব, মেয়ে সামিয়া এবং ছোট ছেলে সামিন। শনিবার সকালে উদ্ধারকারী দল তিন সন্তানের মরদেহ উদ্ধার করতে পারলেও বাবা হেলাল উদ্দিনের সন্ধান এখনও মেলেনি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নদীতে নিখোঁজ থাকা অপর ব্যক্তি হেলাল উদ্দিনের সন্ধানে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের যৌথ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।