মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন দিলো জনতা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৬, ০৯:৫৪ পিএম

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন দিলো জনতা

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

মাদারীপুরের কালকিনি উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাবুল শিকদার নামের সাতান্ন বছর বয়সী এক ব্যক্তির বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযুক্তকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা ঝাড়ু মিছিল করেছেন। সোমবার সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এই উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি মধ্যেরচর গ্রামের ওই শিশুকে একা পেয়ে হাবুল শিকদার ধর্ষণের চেষ্টা চালান বলে অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত ব্যক্তি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ঘটনাটি ধামাচাপা দিতে এবং থানায় মামলা না করতে অভিযুক্তের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে নানাভাবে চাপ দেওয়া হচ্ছিল। আপসের এই চাপে ক্ষুব্ধ হয়ে সোমবার সন্ধ্যায় পাঁচ শতাধিক গ্রামবাসী ভুক্তভোগী পরিবারের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঝাড়ু মিছিল বের করেন।

মিছিলটি মধ্যেরচর এলাকা প্রদক্ষিণ শেষে অভিযুক্ত হাবুল শিকদারের বাড়িতে গিয়ে পৌঁছায়। একপর্যায়ে উত্তেজিত জনতা বসতঘরে ব্যাপক ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কালকিনি থানা-পুলিশের একটি দল এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান এবং পরিস্থিতি শান্ত করেন। ভুক্তভোগী শিশুটির বাবা জানান, তার মেয়েকে ধর্ষণের চেষ্টা চালানো হলেও তিনি ঘটনার কোনো ন্যায়বিচার পাননি। কোনো বিচার না পেয়ে এবং আপসের চাপে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে বলে তিনি দাবি করেন। 

তিনি ইতিমধ্যে কালকিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।  এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত হাবুল শিকদার ও তার পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। তাদের মুঠোফোন বা বিকল্প মাধ্যমেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম জানান, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার খবর পেয়েই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মধ্যেরচর গ্রামের সার্বিক পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এই ঘটনায় আনুষ্ঠানিক মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।